জন্মদিনে টেলিভিশনে কালজয়ী সুচন্দা

বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী ও পরিচালক কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘কালজয়ী সুচন্দা’। আবদুর রহমানের পরিকল্পনা ও উপস্থাপনায় আগামীকাল শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এতে এই গুণী শিল্পীর রুপালি পর্দায় আগমন, নির্মাণ এবং জহির রায়হানকে ঘিরে জানা-অজানা নানা গল্প উঠে আসবে।

১৯৬৬ সালে সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ দিয়ে সুচন্দার চলচ্চিত্রে অভিষেক ঘটে। রাজ্জাকের বিপরীতে ‘বেহুলা’ ও জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’সহ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। পরবর্তী সময়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে ২০০৫ সালে জহির রায়হানের উপন্যাস অবলম্বনে ‘হাজার বছর ধরে’ সিনেমাটি নির্মাণ করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সালে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। ব্যক্তিগত জীবনে তিনি প্রয়াত জহির রায়হানের স্ত্রী এবং ববিতা ও চম্পার বড় বোন।