ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ২০০ ডাস্টবিন বসাবে ডিএসসিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগ ও দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ২০০টি ডাস্টবিন স্থাপন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডাস্টবিন স্থাপনের স্থান নির্ধারণ এবং ক্যাম্পাসের বিভিন্ন অপরিষ্কার স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে ছাত্রদল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ ও এস্টেট প্রধান ফাতেমা বিনতে মোস্তফাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

আলোচনা শেষে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিএসসিসি এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ সফল হবে।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘Green and Clean Campus First’ কর্মসূচির ধারাবাহিকতায় এবং ছাত্রদলের দাবি ও আলোচনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসি ক্যাম্পাসে ২০০টি ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ডাস্টবিনগুলো কোথায় স্থাপন করা হবে এবং আগামী ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিএসসিসির ‘ক্লিন ডে’ শীর্ষক স্বেচ্ছাসেবাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা কীভাবে অংশ নেবেন, তা নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।

শিপন আরও বলেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক সাড়া দিয়েছে। এ ধরনের আলোচনা ও কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।