রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগর দাঁড়ি এক্সপ্রেস। একই সাথে রাতে চলমান আরও তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছে অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেন যাত্রা বিরতি দিবে। কিন্তু বিষয়টি ভিন্ন, এটা ২ যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে। সুতরাং এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময় টুকু আপনারা শিক্ষার্থী সুলভ আচরণ করুন।
তিনি আরও বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগর দাঁড়ি এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেন দুইটি। গভীর রাতে চলমান আরও তিনটি আন্তঃনগর ট্রেনের বিরতির জন্যও আমরা আলোচনা করছি। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাত্রিকালীন ট্রেনের সাথে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী স্টেশনে শাটল বাস প্রদান করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থী বান্ধব আচরণ করবেন।
উল্লেখ্য, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুইটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।