অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সিন্ডিকেট চলবে না: ব্যারিস্টার কাজল

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভেতর কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এবং এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আইন কর্মকর্তাদের জন্য আয়োজিত নৈতিকতা বিষয়ক এক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের কোনো স্থান এই প্রতিষ্ঠানে থাকবে না। আমাদের অঙ্গীকার—সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে বলেও জানান রুহুল কুদ্দুস কাজল।

এসময় রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জয় করা নয়, বরং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করা বলেও উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল।