ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে মোট ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুইজন হলেন—ময়মনসিংহের তারাকান্দা থানাধীন নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন আল আমিন। তার ডেঙ্গু জ্বরের সাথে তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজ/হৃদ্‌যন্ত্রের রক্তনালীর রোগ রয়েছে।

অন্যদিকে কুলসুমা একই দিন বিকেল ৪টায় ডেঙ্গু ও তীব্র কিডনি জটিলতা নিয়ে ভর্তি হন। উভয়েরই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আল আমিন এবং সকাল সাড়ে ১০টায় কুলসুমা মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে ভর্তি থাকা ১০৩ জন রোগীর মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হাসপাতালে সর্বমোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২০ জন মারা গেছেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।