শেখ হাসিনাকে উদ্দেশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘৩১ ডিসেম্বর কেন, কালই দেশে আসুন। আপনাকে আমরা আইনের মাধ্যমেই রিসিভ করব, তবে সঙ্গে দুটি হাতকড়া থাকবে। মানবতাবিরোধী অপরাধের জন্য হাতকড়া দিয়েই আপনাকে গ্রহণ করা হবে এবং বাংলাদেশের মাটিতেই আপনার বিচার নিশ্চিত করা হবে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমকে উপহার হিসেবে দেওয়া নতুন বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এই সুধী সমাবেশের আয়োজন করে।
শেখ হাসিনার সম্ভাব্য ফেরার খবর নিয়ে পর্যটনমন্ত্রী বলেন, দেশে ফিরে আসার বিষয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য মূলত বিশৃঙ্খলা সৃষ্টি এবং আত্মগোপনে থাকা ফ্যাসিস্টদের পুলকিত ও উৎসাহিত করারই একটি অপচেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অপরাপর অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে প্রতিবেশী দেশটিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিগত সরকারের অর্থপাচার ও দুর্নীতির কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকার এ দেশের জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে এবং নিজেদের পেট ভরানোর স্বার্থে রাষ্ট্রের কোষাগার লুটপাট করে শেষ করে দিয়েছে। তবে সেই লুটপাটের টাকা আজ তারা শান্তিতে ভোগ করতে পারছে না। বাংলাদেশে পা রাখলেই তাদের ফাঁসির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে সুষ্ঠু বিচারের মাধ্যমেই জনগণের কেড়ে নেওয়া অধিকার ও লুটের টাকার যথাযথ বিচার হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের শেষভাগে শাহবাগের ফুটপাতে মানবেতর জীবনযাপন করা বৃদ্ধা গোলাপী বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বসতঘরের চাবি তুলে দেন উপস্থিত অতিথি ও নেতারা।