হাসিনার জন্মদিন পালন করায় পাবনায় স্কুলছাত্র আটক

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন বিশ্বাস (১৭) নামের এক স্কুলশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। তিনি রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে তা প্রচার করেন রবিন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার স্কুলে গিয়ে রবিনকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে তাদের অনুরোধ করে স্কুল থেকে বের করে দেন। পরে আমিনপুর থানা পুলিশ স্কুলে গিয়ে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে রবিন নিজেই ফেসবুকে তা প্রচার করেছেন। যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত