ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের পাশাপাশি কাঠালিয়া ও পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর শুক্রবার সকালে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’