জুমার নামাজের সময় পাকিস্তানে ‘আত্মঘাতী বোমা হামলায়’ নিহত ১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনে বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। খবর দ্য ডন।   

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমাবারে কোহাট পুলিশ লাইনে এ বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে একটি ভবনের দেয়াল ধসে পড়ার পর ঘটনাস্থলে স্থানীয়দের জড়ো হয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারে সহায়তা করতে দেখা গেছে। 

হামলার স্থানে মানুষের ভিড়

হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়ার পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ সংবাদমাধ্যম ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।

তিনি জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী প্রথমে পুলিশ লাইনের একটি ভবনের ফটকে আঘাত করে। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম বিভাগের ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। আরও প্রায় তিনজন স্পেশাল ব্রাঞ্চের ভবনের দিকে যায়।

পুলিশের প্রাথমিক বিবৃতিতে বলা হয়, কোহাট পুলিশ লাইনের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিস্ফোরকভর্তি একটি গাড়ি ভবনে ধাক্কা দেওয়া হয়েছিল। পরে আইজি জুলফিকার হামিদ জানান, স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এ সময় ‘ফিতনা আল খাওয়ারিজ’ সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলছিল।

তিনি বলেন, সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পুলিশের মনোবলও অটুট রয়েছে।

পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শেষ পর্যায়ে ছিল। বিস্ফোরণের পর সাতজন সন্ত্রাসী পুলিশ লাইনে ঢোকার চেষ্টা করে। এর মধ্যে আত্মঘাতী হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে বলে জানানো হয়।

এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তাঁর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা গভীরভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সোহাইল আফ্রিদি বলেন, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে জাতির মনোবল ভেঙে দেওয়া যাবে না।

কোহাটের বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্ফোরণের প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও হামলার নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর পাশে পুরো জাতি ঐক্যবদ্ধ।