থেমে নেই ডলি সায়ন্তনী

লম্বা সময় ধরে কানাডায় বসবাস করলেও থেমে নেই এক সময়ের তুমুল ব্যস্ত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। সেই ধারাবাহিকতায় এবার তিনি জানালেন, নতুন একটি গানের ভয়েজ দিয়েছেন কানাডার টরন্টোতে একটি স্টুডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডলির সঙ্গে যোগাযোগ করলে এই গায়িকা বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিগগিরই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে। এরপর গানটি প্রকাশ করা হবে।’ 

ডলি সায়ন্তনী আরও বলেন, ‘অনেকদিন পর আমার মনের মতো একটি গান গাইলাম, যে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, শ্রোতারা যারা আমার গান নিয়মিত শোনেন তাদের কাছে এই গান নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। কারণ গানটার কিছুটা অংশ আমি ফেসবুকে দেওয়ার পর যে সাড়া পেলাম, তাতেই আমি বুঝতে পারছি যে, গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।’ 

গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল হুমায়ূন কবির, মিউজিক করেছেন তরিক আল ইসলাম। সম্প্রতি এই শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মইরা যদি যাইগো আমি’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুর করেছেন রোহান। তার কয়েকদিন আগে একই চ্যানেলে অবমুক্ত করেন  দুই জীবন সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানটি।