রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ।

পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক সমৃদ্ধির জন্য সিএমএসএমই খাতসহ বিভিন্ন খাতে কমপক্ষে ২০ শতাংশ ঋণপ্রবাহ বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় জোরদারকরণ এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংকিং ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদ হ্রাস করার নিমিত্তে সঠিকভাবে ক্রেডিট রেটিং সম্পন্ন করা, ঋণের সিবিএস ডাটাবেজে সঠিকভাবে যোগ্য জামানতের মূল্য ইনপুট দেওয়া এবং সঠিক নিয়মে সিআইবি রিপোর্ট করার জন্য নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ১৮০ দিনের কর্মসূচিতে সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, হিসাব খোলা, বাংলা কিউআর অনবোর্ডিং, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে বরিশাল বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের কথা উল্লেখ করেন। তিনি বছরের বাকি সময়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বরিশাল বিভাগের আওতাধীন পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, বরিশাল জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, ভোলা জোনের জোনাল ম্যানেজার সনৎ কুমার সাহা, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার এফ. এম. এনামুল হক, বিভাগীয় কার্যালয়, জোনাল অফিস ও বিভিন্ন কর্পোরেট শাখার নির্বাহীবৃন্দ, সব শাখা ব্যবস্থাপক এবং উপশাখাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।