ওজোনস্তর সুরক্ষা ও টেকসই শীতলীকরণ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ওজন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, পেশাজীবী সংগঠন এবং বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এবার বিশ্ব ওজোন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Global action for a cooler planet-Celebrating 10 years of sustainable cooling’। প্রতিপাদ্যে গত এক দশকে টেকসই শীতলীকরণ ব্যবস্থায় বৈশ্বিক অগ্রগতি উদযাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন মানিক।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিকভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ওজোনস্তর সুরক্ষার পাশাপাশি একটি আরও শীতল, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে টেকসই শীতলীকরণ প্রযুক্তির প্রসার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিরা ওজোনস্তর সুরক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজোনস্তর রক্ষার লক্ষ্যে কানাডার মন্ট্রিয়লে বিশ্ব নেতৃবৃন্দ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করেন। ঐতিহাসিক এ চুক্তির স্মরণে এবং ওজোনস্তর সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব ওজোন দিবস পালিত হয়ে আসছে।