মিরসরাইয়ে প্রকৃতিপ্রেমীদের দেশিবিদেশী গাছ চেনাল তরুপল্লব

মিরসরাইয়ে উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুপল্লব’-এর ৪১তম ‘গাছ দেখা গাছ চেনা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ থানাধীন প্রকল্প সোনাপাহাড়ে এ আয়েজন সম্পন্ন হয়।

প্রথম পর্বের আলোচনা সভা পরিচালনা করেন পরিচালনা করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক ও প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন।এসময় বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক ও লেখিকা হেনা সুলতানা, অনুবাদক ও ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন, তরুপল্লবের আজীবন সদস্য ও উদ্ভিদ গবেষক ড. মাকসুদা খাতুন ও সোনা পাহাড় ফার্ম হাউজের কর্মকর্তা পুলক পাল, শামীম শেখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত উদ্ভিদপ্রেমী ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিয়াওয়াকি ফরেস্ট ও তরুপল্লবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এরপর শুরু হয় গাছ দেখা গাছ চেনা পর্ব। প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক প্রকৃতিপ্রমীকে শতাধিক প্রজাতির গাছ দেখান ও গাছ চেনান তিনি।

এসময় লাল সোনাইল, নীল বনলতা, মালতি লতা, তমাল, বনসুপারী, জ্যাকারান্ডা, কাঠ বাদাম, মধুমঞ্জুরী, বক্স বাদাম, সুরভীরঙ্গন, কৃষ্ণছুড়া, বাগান বিলাশ, কাঁঠালচাপা, সোনাপাতি, অশোক, পিপুলপাতা, তেলসুর, স্বর্ণচাপা, নয়নতারা, হলুদচাপা, মহুয়া, কামিনী, তাল গাছ, বেসনফ্রুট, ঝুমকোলতা, ননীফল, উদাল, লটকন, জামরুল, গর্জন, কদম, টগর, কাঠগোলাপ, কামিনী,  অর্কিড কাঞ্চন, দাদ মর্দন, কেওকন্দ মূল,  ছাতিম গাছ, বাসক, শিউলি, সোনালু, রাবার বট, হিজল, নিম, নাকাচুয়া, বরাক বাঁশ, মুলীবাঁশ বেত, অল স্পাইস, এভাকাডো, লটকন, গোলাপজাম, দেশি গাব, কারিপাতা, মুচকুন্দ চাঁপা, ট্যাং ফল, রুদ্র পলাশ, পলাশ, গন্ধরাজ, লিলিসহ শতাধিক প্রজাতীর দেশীয় ও বিদেশী প্রজাতীর গাছ চেনানো হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে প্রথম গাছ চেনানোর কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে ‘তরুপল্লব’। এখন পর্যন্ত সংগঠনটি ৪১টি গাছ চেনানোর অনুষ্ঠান ছাড়াও বৃক্ষরোপণ, কর্মশালা ও ‘প্রকৃতিপত্র’ নামক সাময়িকী প্রকাশের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।