লক্ষ্মীপুরে তিন হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে তিন হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ব খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুক। নিরাপদ খাদ্য আইন অমান্য করার অপরাধে এসব অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,লক্ষ্মীপুর সদরের রাজমহল হোটেল, নূর জাহান হোটেল ও মোহাম্মদীয়া হোটেল। এর মধ্যে রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা, নূর জাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালত, লক্ষ্মীপুর পরিচালিত সামারি ট্রায়ালে এ জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মুদু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। পাশাপাশি পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও
সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় সামারি ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানের সময় হোটেল-রেস্তোরা মালিক ও সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।