শুরু করলেন ‘তাণ্ডব’

১২ বছর পর রাজ-শুভশ্রীর ঘরে মিমি

দীর্ঘ প্রায় এক যুগ পর আবার একসঙ্গে কাজ করছেন মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তী। তাদের নতুন ছবি ‘তাণ্ডব’ ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে চর্চা। তার মধ্যেই মিমির সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করলেন রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার ছোট্ট মন্তব্যই এখন নজর কেড়েছে। এরইমধ্যে শুটিং শুরু করেছেন মিমি। 

সেট থেকেই ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে সবুজ পোশাকে দেখা যাচ্চে তাকে। ক্ল্যাপস্টিকের আড়ালে মুখের বেশিরভাগ অংশ ঢাকা থাকলেও চোখ এবং ভ্রু স্পষ্ট। ক্যাপশনে বেশি কিছু লেখেননি মিমি, শুধু দিয়েছেন ‘#Tandav’। এই পোস্টের মাধ্যমেই ছবিতে তাঁর যুক্ত থাকার বিষয়টি সামনে আসে।  আর সেই পোস্টেই শুভশ্রীর মন্তব্য—‘সুপার হ্যাপি’। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে শুভশ্রীর মন্তব্য হিসেবে ‘ভীষণ ভীষণ খুশি’ কথাটিও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মিমির নতুন কাজ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস প্রকাশ্যে এসেছে। 

মিমি এবং রাজ চক্রবর্তী একসময় টলিউডের পরিচিত জুটি ছিলেন। রাজের পরিচালনায় মিমিকে দেখা গিয়েছিল ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’ এবং ‘কাটমুণ্ডু’র মতো ছবিতে। ‘কাটমুণ্ডু’ মুক্তির পর আর তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতির পর ‘তাণ্ডব’-এর হাত ধরে সেই জুটি আবার ফিরছে। 

থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’ সিনেমায় মিমিকে অ্যাকশনধর্মী অবতারেও দেখা যেতে পারে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার চরিত্র বা গল্পের বিষয়ে নির্মাতাদের তরফে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। সিনেমার প্রযোজনার সঙ্গে রাজ চক্রবর্তী যুক্ত এবং ছবিটির নিবেদক হিসেবে রয়েছেন শুভশ্রীও। ফলে একই ছবিকে ঘিরে রাজ, মিমি ও শুভশ্রীর নাম একসঙ্গে আসায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।