অস্ট্রেলিয়ার বিপক্ষে লুঙ্গি ছাড়া দক্ষিণ আফ্রিকা

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পেস বোলিং ডিপার্টমেন্টে একের পর এক চোটে জর্জরিত প্রোটিয়া শিবির। কাগিসো রাবাদা ও ওটনেইল বার্টম্যানের পর এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে টাইটানসের বিপক্ষে ম্যাচ খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ডানহাতি পেসার। পরবর্তীতে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর তার পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ইনজুরির এই মিছিল কেবল ওয়ানডে সিরিজেই সীমাবদ্ধ নয়, আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেও এনগিডির খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। ক্রিকইনফোর প্রতিবেদনের সূত্র মতে, সিরিজের ঠিক আগমুহূর্তে তার ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

এর আগে রাবাদাও শীতকালীন অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে আইপিএলের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। নিয়মিত বোলারদের এমন একের পর এক অনুপস্থিতি ঘরের মাঠের আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণকে বেশ কঠিন পরীক্ষার মুখে ফেলবে।

এদিকে এনগিডির ছিটকে যাওয়ার এই শূন্যতা পূরণে বিশ বছর বয়সী তরুণ পেসার এনকোবানি মোকেনাকে দলে ডেকে পাঠিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক নামিবিয়া সফরে ওয়ানডে ক্যাপ পাওয়া এই উদীয়মান পেসার ঘরোয়া প্রতিযোগিতায় ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ম্যাচের মাঝপথেই স্কোয়াডে যোগ দেওয়ার ডাক পান।

তরুণ মোকেনার পাশাপাশি মার্কো ইয়ানসেন, দুয়ান ইয়ানসেন, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি ও কুয়েনা মাপাকাদের নিয়ে গড়া পরিবর্তিত পেস বোলিং আক্রমণ নিয়েই এখন শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে স্বাগতিকদের।