বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই দলে তারকাদের বিশ্রাম দিল প্রোটিয়ারা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ ও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ছক কষতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে বড় রদবদল এনেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার চোট আর কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেনদের মতো প্রথম সারির তারকাদের বিশ্রাম দিয়ে কার্যত তারুণ্যনির্ভর ও পরীক্ষামূলক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

আগামী মাসে শুরু হতে যাওয়া এই সফরে ৫০ ওভারের সংস্করণে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ, আর টি-টোয়েন্টি দলের ভার দেওয়া হয়েছে বিয়ন ফরটুইনের কাঁধে।

চলমান টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি লাল বলের ম্যাচ থাকায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে টেস্ট স্কোয়াডের মাত্র তিনজন ক্রিকেটার, আনরিখ নরকিয়া, কর্বিন বশ ও টনি ডি জর্জিকে ওয়ানডে দলে রাখা হয়েছে (যদিও বশ ও ডি জর্জি এখনো চলমান টেস্ট সিরিজে কোনো ম্যাচ খেলেননি)। 

বিশ্রাম পাওয়া নিয়মিত সাদা বলের ক্রিকেটারদের তালিকায় বাভুমা, মার্করাম, রাবাদা ও ইয়ানসেন ছাড়াও রয়েছেন রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটস্কি। অন্যদিকে নেপাল প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারকে কোনো স্কোয়াডেই বিবেচনা করা হয়নি।

প্রোটিয়া শিবিরে বড় স্বস্তি হয়ে ফিরেছে দুই গতি তারকা লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়ার প্রত্যাবর্তন। চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর মাঠের বাইরে থাকা এনগিডি সুস্থ হয়ে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো ৫০ ওভারের দলে ডাক পাওয়া নরকিয়া সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

এনগিডি ও নরকিয়ার ফেরার বিষয়ে এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, ‘লুঙ্গিকে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। সে টেস্ট দলের পরিবেশে থেকেই পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করেছে এবং আবার মাঠে নামার জন্য মুখিয়ে আছে। গত মৌসুমে সাদা বলে সে কতটা কার্যকর ছিল তা আমরা দেখেছি, আশা করি সেখান থেকেই সে আবার শুরু করবে। এ ছাড়া ৫০ ওভারের সংস্করণে আনরিখকে না দেখার সময়টাও বেশ দীর্ঘ হয়ে গেছে। দলে সে কী যোগ করে তা আমরা সবাই জানি, আর টেস্ট দলে ফেরার পর যে ছন্দ সে পেয়েছে তা এগিয়ে নেওয়ার জন্য এটি দারুণ এক সুযোগ।’

তারকাদের অনুপস্থিতিতে ওয়ানডে ব্যাটিংয়ের মূল স্তম্ভ হিসেবে থাকছেন কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। ঘরোয়া টি-টোয়েন্টিতে টাইটান্সের হয়ে টপ অর্ডারে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান (যার মধ্যে যৌথভাবে ঘরোয়া টি-টোয়েন্টির দ্রুততম ১৪ বলের ফিফটি রয়েছে) করার পুরস্কার হিসেবে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে, যিনি ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন।

টি-টোয়েন্টি সিরিজেও নিয়মিত অধিনায়ক মার্করামকে বিশ্রাম দিয়ে চলতি বছরের শুরুতে নামিবিয়ায় দলকে নেতৃত্ব দেওয়া বিয়ন ফরটুইনকে অধিনায়ক করা হয়েছে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এই দলে ফিরেছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা, তবে একই চোটে আবারও পড়ায় বিবেচনায় আসেননি ওটনিল বার্টম্যান। তরুণদের সুযোগ দেওয়া ও বিশ্বকাপ পরিকল্পনা প্রসঙ্গে প্রধান কোচ কনরাড জানান, ‘আমাদের বৃহত্তর পরিকল্পনায় থাকা কিছু খেলোয়াড়কে আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য এই দুটি সাদা বলের সিরিজ সব সময়ই একটি বড় মঞ্চ ছিল। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপ স্কোয়াডের কথা মাথায় রেখে কয়েকটি ভিন্ন কম্বিনেশন পরখ করে দেখার সুযোগও এটি আমাদের করে দিচ্ছে।’ 

এদিকে বাংলাদেশের বিপক্ষে চলমান প্রথম টেস্ট চলাকালীনই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে কেশভ মহারাজকে; বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সাইমন হার্মার জায়গা ধরে রাখায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি। তাঁর বদলি হিসেবে টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে, আর বাভুমার চোটে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন মার্করাম। পাশাপাশি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ৫০ ওভার ও লাল বলের ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলও ঘোষণা করা হয়েছে, যেখানে সম্প্রতি টেস্ট দল থেকে বাদ পড়া ডেভিড বেডিংহ্যাম দুটি স্কোয়াডেই জায়গা পেয়েছেন।

বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল

ওয়ানডে দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল: বিয়ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কুটসিয়া, কনর এস্টারহুইজেন, ডনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত