১৬১১১-এ জরুরি কল, লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসা দিল কোস্ট গার্ড

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক যাত্রীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শুক্রবার ভোলা থেকে ঢাকাগামী 'এমভি কর্ণফুলী-১৩' লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর '১৬১১১'-এ কল করে সহায়তা চান।

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে তাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি  অ্যাম্বুলেন্স যোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।