কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

কুমিল্লার লালমাইয়ে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিন যুবককে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
 
নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।
এ ঘটনায় আটক যুবকরা হলেন—পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধার করা মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।