বর্ণবাদের ‘হাজারো’ অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য ইয়ামালের 

মাঠের জাদুকরি ড্রিবলিং আর ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দেওয়া বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালকে মাঠের বাইরে লড়তে হচ্ছে এক অন্ধকার বাস্তবতার সঙ্গে। যেই পরিস্থিতিতে এতদিন শুধু আসতো রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের নাম এখন সেখানে আসবে ইয়ামালের নামটাও। স্প্যানিশ সম্প্রচার মাধ্যম ‘মোভিস্তার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ সেনসেশন জানিয়েছেন, তিনি বর্ণবাদের শিকার হয়েছেন ‘হাজার বার’।

সাক্ষাৎকারে নিজের জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করে ইয়ামাল বলেন, ‘মানুষ আপনার প্রতি পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো তারা বুঝতেই পারে না যে এটি অবমাননাকর।’ 

মাঠে গ্যালারির আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘এমন অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি থাকে যা বর্ণবাদী, অথচ তারা বুঝতেই পারে না। কেউ যদি আমাকে কৃষ্ণাঙ্গ বলে, এতে আমার মোটেও খারাপ লাগবে না; শেষ পর্যন্ত আমি তো কৃষ্ণাঙ্গই, অন্য কোনো রঙের তো নই।’

তবে বিষয়টি অপমানজনক হলে বিষয়টা ভালোভাবে নেন না ইয়ামাল। ‘আরেকটি বিষয় হলো, তারা এটি ভালো উদ্দেশ্যে বলছে নাকি আমাকে অপমান করার জন্য বলছে। তবে আমি যখন কোনো ম্যাচে খেলি এবং কেউ মাঠে এসে আমাকে দেখার জন্য টিকিট কিনে থাকে, তখন কেবল তারা অসম্মান করেছে বলেই আমি রাগান্বিত হব না।’ 

ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনের সূত্রমতে, স্প্যানিশ সরকারের সরকারি সংস্থা ‘স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া’-র প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিকে ভিনিসিয়ুসের জুনিয়রের পাশাপাশি এই তরুণ বার্সা তারকাও অনলাইনে সবচেয়ে বেশি বর্ণবাদী অপপ্রচারের লক্ষ্যবস্তু হয়েছেন। এর আগে ২০২৪ সালের অক্টোবরের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর সময়ও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন এই তারকা।