মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জেহের আলীর ছেলে পলাশ ও বিদ্যুতের সঙ্গে আব্দুল জব্বারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের বুকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীর আঘাতে ওই ব্যক্তি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।