শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ৩১ ডিসেম্বর কেন? কালকে আসেন। আমরা কালকে আপনাকে রিসিভ করব এবং আইনের মাধ্যমে রিসিভ করব। কিন্তু সঙ্গে দুটি হ্যান্ডকাফ থাকবে।
গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের কাজের জন্য জনগণের কাছে সময় ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী বলেন, এই যে নির্বাচন করে আমাদের পাঠালেন, আমরা গিয়ে পেলাম একটা ভঙ্গুর রাষ্ট্র। যে জায়গায় যাই এমনকি আমার মন্ত্রণালয়ে আমার সাফ করতেই ছয় মাস লাগল, সাত মাস লাগল। এখন আমি কাজ শুরু করব।
এই যে সময়টা, এই ধৈর্য ধারণ করার জন্য আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা শুনছেন, তাদের অনুরোধ করব সবাইকে বোঝানোর জন্য। একে একে করে সব ঠিক হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির কথা ম্মরণ করিয়ে বিমানমন্ত্রী বলেন, ইতিমধ্যে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গাছ লাগানোর কর্মসূচি, খাল কাটা কর্মসূচি এবং অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি চীন ভিজিট করলেন, মালয়েশিয়া ভিজিট করলেন, এখন জাতিসংঘে যাচ্ছেন। তিনি সব সামলে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ করবেন, এটিই আমাদের আশা এবং তিনি করবেন, এই বিশ্বাস আমাদের সবার আছে।
শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত তার সহযোগীদের দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।