ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রুমিন ফারহানা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! তো এগুলো সবই স্বাভাবিক।’