জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এর পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ জীবন দিয়ে দেখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। অথচ জুলাইয়ে গণহত্যাকারী সেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে জামায়াত শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এ সময় তিনি সাধারণ ক্ষমা করে দেওয়ার বক্তব্য প্রত্যাহারের জন্য জামায়াতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের কথা বলে আওয়ামী লীগ নেতাদের গাড়ি ব্যবহার করে জামায়াত-এনসিপি লংমার্চ করে উল্টো জনদুর্ভোগ তৈরি করছে। এই সময়ে গাড়িবহর নিয়ে নয়, পায়ে হেঁটেই তাদের লংমার্চ করা উচিত ছিল।