কুয়াকাটায় পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের জমি পরিদর্শনে ডিন

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটার হাজীপাড়া এলাকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের অধিগ্রহণ জমি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২০০ একর জমি ঘুরে দেখেন। এসময় স্থানীয় বাসিন্দারা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে এ উদ্যোগকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন এ জমিতে অনুষদের একাডেমিক ভবন ও আধুনিক গবেষণাগার গড়ে তোলা হবে। বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় সামুদ্রিক ও উপকূলীয় গবেষণায় এ স্থানটি বিশেষ সুবিধাজনক।

অনুষদটি জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ ও উপকূলীয় ঝুঁকি মোকাবেলায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩০ শিক্ষার্থী নিয়ে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিদর্শন দলে অনুষদের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ দক্ষিণাঞ্চলে সমুদ্রসম্পদ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।