খাটের নিচ থেকে অস্বাভাবিক শব্দ, উদ্ধার হল অজগর 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা ও ২৬ কেজি ওজনের একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালী ডেকোরেটরসের মালিক প্রয়াত হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তারা খাটের নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে খাটের নিচে তাকিয়ে বিশালাকৃতির অজগর সাপ দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন তারা। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় একের পর এক সাপ লোকালয়ে চলে আসার ঘটনা ঘটছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।