বরিশালে যাত্রীবাহী বাস পুকুরে, একজনের মরদেহ উদ্ধার 

বরিশালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ঘটনা স্থলেই এক জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকার এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম দেশ রুপান্তরকে জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়। এরমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।