বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে পৃথক সমাবেশ ও র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নগরীর পৃথক স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

এ সময় মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘গত ১৭ বছর যেভাবে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনো সেভাবেই মাঠে রয়েছি। প্রয়োজনে সাংগঠনিক টিম গঠন করে স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করা হবে।’

সমাবেশ শেষে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, একই দিবস উপলক্ষে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে জেলা বিএনপির নেতাকর্মীরাও নগরীতে র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত