ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ৪৩০ কোটি ডলার

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্রের করদাতাদের ৪৩.৬ বিলিয়ন বা প্রায় ৪৩০ কোটি ডলার ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজ। খবর ফার্স নিউজের।  

প্রতিবেদনটি পর্যালোচনা করে পাঞ্চবোল নিউজ জানায়, যুদ্ধ পরিচালনায় ১১ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। গোলাবারুদ পুনরায় মজুত করতে খরচ হয়েছে ২৮ দশমিক ১ বিলিয়ন ডলার। আর যুদ্ধে হারানো সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় হয়েছে আরও ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এর আগে কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি মাসে ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। যুদ্ধের প্রথম পাঁচ মাসেই দেশটির প্রায় ৩৮ বিলিয়ন ডলার খরচ হয়েছিল বলেও জানিয়েছিল সংস্থাটি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হন। যুদ্ধে এখন পর্যন্ত হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিনে ১০০ দফা পাল্টা হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও সম্পদ। হামলায় এসব স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।