ভারতের আইআইটি বম্বে ক্যাম্পাসে ফের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীর মরদেহ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হস্টেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি অনুযায়ী, শুক্রবার পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ওই শিক্ষার্থী ধরা পড়েন। তিনি চ্যাটজিপিটি খুলে পুরো প্রশ্নপত্র আপলোড করে সেখান থেকে উত্তর সংগ্রহ করছিলেন বলে জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বিষয়টি দেখতে পেয়ে তাঁকে আটকান।
এরপর বিভাগের প্রধান ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরীক্ষায় মোবাইল ব্যবহারের কারণে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং ঘটনায় তাঁর শিক্ষাজীবন বা ক্যারিয়ারে প্রভাব পড়বে না—অধ্যাপকেরা তাঁকে এমন আশ্বাস দিয়েছিলেন বলে দাবি আইআইটি বম্বে কর্তৃপক্ষের। খবর আনন্দবাজার ডটকমের।
আলোচনার পর হস্টেলের কক্ষে ফিরে যান ওই শিক্ষার্থী। পরে সন্ধ্যায় সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আইআইটি বম্বের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বারবার এমন ঘটনা ঘটার কারণ এবং এ বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। একই সঙ্গে ঘটনার স্বচ্ছ তদন্ত ও কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, ‘এটা তো প্রথমবার নয়। শুধু এ বছরেই আমাদের এখানে চারজন আত্মঘাতী হয়েছেন। গত দুই মাসে পরপর দুজন। কেন এমন হচ্ছে, আমরা কিছুই জানি না। আমরা জানতে চাই।’
বিক্ষোভের খবর পেয়ে ক্যাম্পাসে যায় পুলিশ। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
আইআইটি বম্বে কর্তৃপক্ষ এক বিবৃতিতে শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে জানিয়েছে, কঠিন সময়ে তারা মৃত শিক্ষার্থীর পরিবার ও বন্ধুদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।