'সাকলায়েন মুশতাক শাদাব (খান) ছাড়া আর কাউকে দেখতে পান না। স্বজনপ্রীতিরও একটা সীমা থাকা উচিত!' পাকিস্তানের এক সাবেক স্পিনার তওসিফ আহমেদ আরেক সাবেক স্পিনার সাকলায়েন মুশতাককে নিয়ে এমন কথা বলছেন এক পডকাস্টে।
২০২৩ সালে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্বে থাকাকালীন সাকলায়েন মুশতাক তাঁর জামাতা ও অলরাউন্ডার শাদাব খানের দলে অন্তর্ভুক্তি নিয়ে তদবির করেছিলেন বলে অভিযোগ তুলেছেন তওসিফ আহমেদ। সম্প্রতি সাবেক ব্যাটসম্যান ফাওয়াদ আলমের একটি পডকাস্টে অংশ নিয়ে তৌসিফ দাবি করেন, সাকলায়েন বা তাঁর হয়ে অন্য কেউ তাঁকে ফোন করে শাদাবের বিষয়ে নমনীয় হওয়ার অনুরোধ করেছিলেন। এমনকি তাঁর কাছে সাকলায়েনের পাঠানো একটি ভয়েস মেসেজ বা অডিও রেকর্ডও রয়েছে বলে জানান তিনি।
ব্যক্তিগত জীবনের শাদাব খান সাকলায়েন মুশতাকের জামাতা হওয়ায় তওসিফের এই অভিযোগ। তবে তওসিফের স্বজনপ্রীতির এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাকলায়েন মুশতাক। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, একজন সিনিয়রের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তওসিফের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে তিনি বলেন, তৌসিফ যেন তার কাছে থাকা প্রমাণ বা অডিও রেকর্ডটি দ্রুত জনসমক্ষে প্রকাশ করেন।
সাকলায়েন হুঁশিয়ারি দিয়ে জানান, তওসিফ যদি তার রেকর্ড প্রকাশ করেন, তবে তিনিও নিজের কাছে থাকা সমস্ত কথোপকথনের রেকর্ড ও প্রমাণ প্রকাশ্যে নিয়ে আসবেন, যাতে সাধারণ মানুষ উভয় পক্ষের কথা শুনে সত্যতা যাচাই করতে পারেন।