গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামের এক পুলিশের উপপরিদর্শক (এসআই) মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুশিশের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাকরি থেকে ছুটি নিয়ে গ্রামের আজ শনিবার বাড়িতে আসেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। তখন তিনি বাড়িতে নিজেই আইপিএস মেরামত করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।