পারিবারিক টানাপড়েনের গল্পে দর্শক টানছে ‘আপন পর’

পারিবারিক টানাপড়েন, মাতৃস্নেহের আকুলতা, প্রেম ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আপন পর’। প্রকাশের পরপরই রিফাত চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসায় ভাসছেন তৌসিফ মাহবুব।

নাটকে রিফাত ছোটবেলা থেকে তীব্র মাতৃস্নেহের অভাবে ভোগে। সৎমায়ের ভালোবাসা পাওয়ার ব্যাকুল আকাক্সক্ষা তাকে মানসিকভাবে নিঃস্ব করে রাখে। একপর্যায়ে মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে সে চরম ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে।

মায়ের চরিত্রে দীর্ঘদিন পর পর্দায় ফিরে ভক্তদের উচ্ছ্বসিত করেছেন বিজরী বরকতুল্লাহ। মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তৌসিফের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে নজর কেড়েছেন সাদনিমা বিনতে নোমান।

নাটকে ব্যবহৃত ‘আদরে আস্তিন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মার্সেল। ইতিমধ্যে নাটকটি দেখা হয়েছে ৮২ লাখের বেশি বার।