‘চেন্নাই স্টোরি’র চমক শ্রুতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

ইন্দো-ইউকে যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘চেন্নাই স্টোরি’র নারী প্রধান চরিত্রে আসছে বড় চমক। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সামান্থা রুথ প্রভুর জায়গায় যোগ দিচ্ছেন শ্রুতি হাসান। অভিনয়ে দীর্ঘ বিরতির কারণে ইতিপূর্বে ঘোষিত সামান্থা চরিত্রটি ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন শ্রুতি।

টাইমেরি এন. মুরারির আলোচিত উপন্যাস ‘দ্য অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘ডাউনটন অ্যাবি’খ্যাত বাফটা বিজয়ী ফিলিপ জন। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন নিম্মি হারাসগামা ও ফিলিপ জন।

গল্পের কেন্দ্রে রয়েছেন তরুণ নিকিল, মায়ের মৃত্যুর পর যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন বাবাকে খুঁজতে ভারতের চেন্নাইয়ে আসে সে। নিখোঁজ বাবাকে অনুসন্ধানের এই রোমাঞ্চকর যাত্রায় তার সঙ্গী হয় আনু নামের এক স্বাধীনচেতা প্রাইভেট ডিটেকটিভ। সিনেমাটিতে এই আনু চরিত্রে পর্দায় হাজির হবেন শ্রুতি হাসান এবং নিকিল চরিত্রে থাকছেন ভিভেক কালরা। চেন্নাই ও যুক্তরাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই বিশেষ চলচ্চিত্রে ইংরেজি, তামিল এবং ওয়েলশ, তিনটি ভিন্ন ভাষার মেলবন্ধন দেখা যাবে। ছবির নির্মাণ ও মুক্তির পরবর্তী পরিকল্পনা দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত