গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’

ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে। মেঘালয় সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনানী ও নৈসর্গিক লেক পরিবেষ্টিত মঞ্চে ধারণ করা হয় পর্বটি। আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দর্শক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও গরম উপেক্ষা করে অনুষ্ঠানটি উপভোগ করেন।

নব্বই দশকের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ধারণ করা ইত্যাদির মূল লক্ষ্য লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি ও প্রত্যন্ত অঞ্চলের গৌরবগাথা তুলে ধরা। এবার লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে রাতের বদলে দিনের আলোতেই ধারণকাজ শুরু হয়। স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মাঝে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে থাকছে দুটি গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। জেলা পরিচিতিমূলক অন্য গানটি গেয়েছেন জামালপুরের সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় এর সুর ও সংগীতায়োজন উজ্জ্বল সিনহার। এস কে জাহিদের পরিচালনায় এ গানের সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

তথ্যভিত্তিক প্রতিবেদনে রয়েছে জামালপুরের নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’, জেলার ইতিহাস ও প্রতœসম্পদ। পাশাপাশি প্রাচীন ও বৃহত্তম ‘তুলসীপুর ঘোড়ার হাট’ এবং নদীভাঙনে বাস্তুচ্যুত ও বাল্যবিবাহের শিকার পরিবার নিয়ে মানবিক প্রতিবেদন থাকছে। স্মরণ করা হয়েছে জেলার চারজন কালজয়ী ব্যক্তিত্বকে। অনুপ্রেরণাদায়ক পর্বে রয়েছে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির গল্প। বিদেশি প্রতিবেদনে থাকছে চীনের সুঝৌ সিটি।

নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, সাইদুর রহমান পাভেল, আশরাফুল আলম সোহাগ, এমএনইউ রাজু, আনোয়ার শাহী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুর্বনা মজুমদার, সাবরিনা নিসা, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, রাজিব সালেহীন, নিপু, মিরাজ, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল ও বেলাল আহমেদ মুরাদ।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ফাগুন অডিও ভিশন নির্মিত পর্বটি ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।