রাজধানীতে নিরাপত্তা জোরদার চলছে তল্লাশি

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মহাখালী, আগারগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত শুক্রবার। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ এবং শঙ্কা বেড়েছে। নিরাপত্তা শঙ্কায় রয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরাও। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ পথ ও কৌশলগত স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি করা হচ্ছে এসব চেকপোস্টে। তবে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডা, মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গতকাল রাজধানীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর পাশাপাশি নগরীর প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চালায় পুলিশ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে মোটরসাইকেলসহ সব ধরনের সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হয়।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরীর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে থানা মোবাইল প্যাট্রল, ফুট প্যাট্রল ও হোন্ডা প্যাট্রলের সংখ্যা বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে ডিবি টিম, সিটিটিসি টিম এবং এপিবিএন টিম মোতায়েন রাখা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

গতকাল সরেজমিন যাত্রাবাড়ী, সচিবালয় এলাকা, গাবতলী, মতিঝিল, সংসদ ভবন এলাকা, বিমানবন্দর এলাকায় ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথে এবং গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। বিশেষ করে মোটরসাইকেল দাঁড় করিয়ে চালক ও যাত্রীকে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। তাদের গন্তব্য জানতে চাওয়া হচ্ছে এবং অনেকের সঙ্গে থাকা ব্যাগ খুলে ভেতরে কী রয়েছে তা চেক করা হচ্ছে। এ ছাড়া সচিবালয়, আদালতপাড়া, সুপ্রিম কোর্ট এলাকা, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে। হানিফ ফ্লাইওভার, মগবাজার-মৌচাক ফ্লাইওভারসহ অন্যান্য ফ্লাইওভারে মোটরসাইকেলে ও পায়ে হেঁটে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। ফ্লাইওভারে কোনো যানবাহনকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কেউ দাঁড়ালেই তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে তাগাদা দেয় পুলিশ।

গত শুক্রবার জুমার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মগবাজার, মালিবাগ, যাত্রাবাড়ী, আগারগাঁও, মহাখালীতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা প্রায় সবকটি ককটেল ফ্লাইওভার থেকে বিস্ফোরণ ঘটায়। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ছাড়া রাত ১১টার পর কাফরুল থানার সামনে পুলিশের জব্দ করা একটি বাসে এবং চিটাগাং রোডে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে ফার্মগেটে তেজগাঁও মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আটককৃতরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। সেদিন ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ আগেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাতজন নেতার ফাঁসির রায় ঘোষণা করে আদালত। তারও আগে ১১ সেপ্টেম্বর গুলশান থানা এলাকায় মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ছাড়া আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার গুঞ্জন এবং দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও মিছিল থেকে ককটেল বিস্ফোরণ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশও উদ্বিগ্ন।

কড়া নিরাপত্তার মধ্যেও বাসে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ : কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুরে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। ভেতরে বেশ কিছু যাত্রীও ছিল। হঠাৎ করে বাসটিতে আগুন জ¦লতে দেখে যাত্রীরা দ্রুত নেমে যান। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণাৎ জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ ছাড়া মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় একই সময়ে অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি হাফিজুর রহমান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।

রাত ৮টার পরপর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ীর চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা কাজ করছি।

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা সামাদ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে বিল্লাল হোসেন (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে জাকারিয়া হোসেন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। তার থুতনিতে গুরুতর জখম হয়েছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায়। জাকারিয়া গ্রাফিক্স ডিজাইনার। পাসপোর্ট অফিসের পাশে তার দোকান রয়েছে। সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তারা দুজন। রাতে সেখান থেকেই সাইনবোর্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় পাশে একটি বিস্ফোরণ ঘটে। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ ছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

জড়িতদের শনাক্তই করতে পারেনি পুলিশ : গত শুক্রবার ধারাবাহিকভাবে রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং কাফরুল ও চিটাগাং রোডে বাসে আগুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার তো দূরের কথা শনাক্তই করতে পারেনি পুলিশ।

মহাখালীর আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের তথ্য জানাতে পারেনি পুলিশ। এ ছাড়া বাবুবাজার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. রবিউল। মগবাজার মোড় জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও কেউ গ্রেপ্তার নেই বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি, শিগগিরই জড়িতরা ধরা পড়বে।

তবে মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন-অর-রশীদ।

এসব ঘটনায় ইয়ামিন খান সুমন নামে এক ব্যক্তি বলেন, যেভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এতে বাইরে বের হওয়া বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তা দিয়ে হাঁটার সময় ভয় করছে, গণপরিবহনে উঠতেও ভয় করছে।

নাশকতা ঠেকাতে এসআরবির নিরাপত্তা জোরদার : এদিকে নাশকতামূলক কর্মকান্ড, অপরাধ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের পাশাপাশি রোবাস্ট প্যাট্রলিং ও মোটরসাইকেল পেট্রলিং জোরদার করা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই ও প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। তবে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।