আগামী উৎসবে পুথি পাঠ ও গান-নাচের আয়োজন

সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আগামী ফেস্ট ২০২৬’। গতকাল  ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি সেন্টার)-এ আয়োজিত এ উৎসবে শিশুদের অংশগ্রহণে ছিল পুথি পাঠ, নাচ, গান, চিত্রপ্রদর্শনী, বিজ্ঞান ও গণিত মেলা এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘সব শিশুদের জন্য শিক্ষা’।

উৎসবে শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানা। তারা শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গান পরিবেশন করেন। অদিতি মহসিন বলেন, ‘শিশুদের সৃজনশীলতার বিকাশের জন্য এই আয়োজনে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী শিশুদের নিয়ে যে কাজটি করে যাচ্ছে, এটি আসলে আমাদের সবার দায়িত্বটিই তারা পালন করছেন।’ রেবেকা সুলতানা বলেন, ‘শিশুরা কত রকম প্রতিবন্ধকতার মধ্যে থেকেও নিজেকে বিকশিত করার জন্য চেষ্টা করছে, তা দেখে আমি অভিভূত।’