সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা মানুষ

বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদীর খেয়াঘাট এলাকায় হঠাৎ ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই আকস্মিক ভাঙনে ইতিমধ্যে প্রায় ১০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সুগন্ধার করাল গ্রাসে নদীগর্ভে তলিয়ে গেছে একটি পুরনো মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা এবং দুটি দোকানসহ বিপুল পরিমাণ গাছপালা ও বিভিন্ন স্থাপনা। গতকাল শনিবার সকাল পর্যন্ত নদীর তীরে একের পর এক ধস নামতে দেখা গেছে। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ও স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে অল্প সময়ের মধ্যেই নদীগর্ভে চলে যেতে পারে আরও বহু বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

সরেজমিনে দেখা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে নবনির্মিত খেয়াঘাট জামে মসজিদ, বেশ কয়েকটি দোকান, বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটের সংযোগ সড়ক এবং বিআইডব্লিউটিএ-এর পন্টুন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজারের একটি বড় অংশ নদীগর্ভে হারিয়ে যেতে পারে। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধ এবং দীর্ঘমেয়াদি নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা বিপ্লব মিস্ত্রি জানান, বছর বছর সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বহু মানুষ নিঃস্ব হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ঐতিহ্যবাহী এই বাজার ও জনপদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে সুগন্ধা নদীর ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় রাতেই ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন বিএনপি নেতা ও রহমতপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সব হারানোর পর ব্যবস্থা নিয়ে ক্ষতি এড়ানো যাবে না। ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ দরকার। সংসদ সদস্যের বরাত দিয়ে তিনি জানান, বাজার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডে একটি প্রকল্প জমা আছে, যা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করা হবে। তবে নবনির্মিত মসজিদ, দোকানপাট ও খেয়াঘাট চরম ঝুঁকিতে থাকায় স্থানীয়রা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।