প্রধান দুই আসামি গ্রেপ্তার

ভোলার দৌলতখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মমতাজ বেগম ওরফে রাসু বেগম নিহত হন। এ ঘটনায় নিহতের মেয়ে রুবিনা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রধান দুই আসামি মো. কাশেম (৫৫) ও মোসা. রাজিয়া বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন। এই পোস্টকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিত-া ও একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় মমতাজ বেগম ঘটনাস্থলে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন এবং পরে রাতেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকা-ের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে দৌলতখান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।