নজরুল বর্ষ-২০২৬

জাতীয় জাদুঘরে শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে গতকাল শনিবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার লক্ষ্য শিশু-কিশোরদের মধ্যে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী আদর্শ সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং তার সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে বিষয় নির্ধারণ করা হয়। ‘ক’ বিভাগে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি/সমমানের শিক্ষার্থীদের জন্য ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ বিষয়ে ৫০০ শব্দের রচনা, ‘খ’ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি/সমমানের শিক্ষার্থীদের জন্য ‘শিশু-কিশোরদের প্রেরণায় নজরুল’ বিষয়ে ৮০০ শব্দের রচনা এবং ‘গ’ বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণি/সমমানের শিক্ষার্থীদের জন্য ‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা’ বিষয়ে ১০০০ শব্দের রচনা লেখার জন্য নির্ধারণ করা হয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ভবিষ্যতেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি