লঘুচাপের প্রভাবে ভোর থেকে ঢাকায় বৃষ্টি, জনভোগান্তি

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে এবং এর প্রভাবেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ ঝুম বৃষ্টি শুরু হয়, যা দীর্ঘদিনের গুমোট গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিয়েছে। তবে সকালের এই বৃষ্টিতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া মানুষদের কিছুটা দুর্ভোগেও পড়তে হয়েছে।

ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়।

সকাল ৭টা থেকেই বিভিন্ন সড়কে কর্মজীবী মানুষের ভিড় বাড়তে থাকে। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। আবার অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার পাশের দোকান বা বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন। তবে গণপরিবহণের সংকটে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগে পড়েন অনেকেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বিস্তৃত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।