সূর্যবংশীর টেকনিক নিয়ে প্রশ্ন, টেস্টে টিকবেন তো?

রেকর্ড গড়া পারফরম্যান্স আর বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএল মাতিয়ে দেওয়ার পর থেকেই বিশ্ব ক্রিকেটের আলোচনায় ১৫ বছর বয়সী ভারতীয় সেনসেশন বৈভব সূর্যবংশী। তবে তার এই আগ্রাসী ফর্ম ও রেকর্ড গড়ার মাঝেও বড় ফরম্যাটে তার ভবিষ্যৎ টেকনিক নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংক্ষিপ্ত সংস্করণে রীতিমতো ঝড় তুললেও লাল বলের ক্রিকেটে তার সফল হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। 

যদিও এর ঠিক উল্টো অবস্থান নিয়ে আধুনিক ক্রিকেটের বড় তারকাদের উদাহরণ টেনে সূর্যবংশীর পক্ষেই বাজি ধরেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

সংক্ষিপ্ত ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করলেও ফার্স্ট ক্লাসে কিছুটা সংগ্রাম করতে দেখা গেছে সূর্যবংশীকে। যেখানে টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ও রান সংগ্রাহকের পরিসংখ্যান অবিশ্বাস্য, সেখানে লাল বলের ক্রিকেটে ১৭ ইনিংসে তার রান ৩৯৯ এবং গড় মাত্র ২৩.৪৭। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করে সম্প্রতি অজি কিংবদন্তি মাইকেল ক্লার্কের ‘বিয়োন্ড২৩ ক্রিকেট পডকাস্ট’-এ  নিজের মতামত জানিয়ে পানেসার বলেন, ‘আমি সূর্যবংশীকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে দেখছি না। হ্যারি ব্রুক ছাড়া এই মুহূর্তে কেউ নেই যে টেস্ট ও টি-টোয়েন্টির শীর্ষ দশে আছে। তবে আমার মনে হয় না সূর্যবংশীর সেই টেকনিক আছে।’ 

পানেসারের এমন আশঙ্কার বিপরীতে সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল ক্লার্কের কণ্ঠে। বর্তমান প্রজন্মের এই বিস্ময় বালক সব ফরম্যাটেই সফল হতে পারে বলে বিশ্বাস করেন এই অজি কিংবদন্তি। বিরাট কোহলি ও এ বি ডি ভিলিয়ার্সের উদাহরণ টেনে ক্লার্ক তার পডকাস্টে জোরালো সমর্থন দিয়ে বলেন, ‘আমার মনে হয় আপনি এখনও সব তিন ফরম্যাটেই খেলতে পারেন। বিরাট কোহলি এবং এ বি ডি ভিলিয়ার্স সেটাই দেখিয়েছেন। এই ছেলেরা দারুণ টেস্ট ক্রিকেটার এবং অবিশ্বাস্য টি-টোয়েন্টি ক্রিকেটারও ছিল।’ 

এদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও তরুণ এই তারকার ব্যস্ততা কম নয়। গত মাসে বেঙ্গালুরুতে দুলীপ ট্রফির সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে তার ক্যারিয়ারসেরা ৯৩ রানের ইনিংস খেলেছেন তিনি, যেখানে তিনি দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। 

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি। তবে থেমে নেই তার পথচলা; এশিয়ান গেমসে অংশ নিতে ভারতীয় টি-টোয়েন্টি দলের সঙ্গে এবার জাপান সফরে যাচ্ছেন এই ১৫ বছর বয়সী ক্রিকেটার, যা তাকে পুরো ভারতীয় কন্টিনজেন্টের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে গড়ে তুলেছে।