রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘মায়ের দোয়া বেকারিকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক) উৎপাদন ও বিক্রি করে আসছিল।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।