শতভাগ বিদেশি মালিকানায় ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স নয় দাবি বাফার

দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন (বাফা)। একই সঙ্গে মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে বাংলাদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধনে এই দাবি করেছেন সংগঠনের সদস্য ও ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের ব্যবসায়ীরা।

এসময় বক্তারা বলেন, কয়েক দশক ধরে দেশীয় উদ্যোক্তারা ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে বিনিয়োগ করে দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও স্থানীয় লজিস্টিকস সক্ষমতা গড়ে তুলেছেন। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। এমন পরিস্থিতিতে শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স দেওয়া হলে দেশীয় উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ ও দীর্ঘদিনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বাফার নেতারা দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন লাইসেন্স প্রদানের নীতিমালা নির্ধারণের দাবি জানান।

এর পাশাপাশি মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে বাংলাদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।