ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিঃ’ নামে কারখানাটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (২০ সেপ্টেম্বর)  দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানা কর্মকর্তাদের দাবি, রাত সাড়ে ১১টার দিকে ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর রাত সোয়া ১২টার দিকে মুখোশধারী অন্তত তিনজন পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে কারখানায় প্রবেশ করে। পরে তারা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তাঁর হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে তাঁর কাছ থেকে চাবি নিয়ে লকার খুলে প্রায় ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তাকর্মী বা সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার কোনো ফুটেজ বা নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই বলেন, আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে দুর্বৃত্তরা ঢুকে প্রথমে তাঁর গলায় ছুরি ধরে। পরে চাবি দিতে বলে। এরপর চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের মুখে মাস্ক ছিল এবং তাঁর হাত-পা বাঁধা ছিল।

কারখানার ম্যানেজার বলেন, রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে দুর্বৃত্তরা কারখানায় প্রবেশ করে। তারা চীনা কর্মকর্তার হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়। ওই পাশে কোনো ক্যামেরা ছিল না বলেও জানান তিনি।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, বেলিশ্বর এলাকায় একটি ব্যাটারি কারখানায় ঢুকে চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং টাকা উদ্ধারে অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।