পার্বতীপুরে ট্রেনে ‘চুরি চক্রের মূল হোতাসহ’ গ্রেপ্তার ৫

আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিমভাবে ভিড় ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। পরে বিকেলে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়ার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়ার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মণ্ডলপাড়ার রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়ার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পুলিশ জানায়, চক্রটি ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও চুরির চেষ্টা করত। যাত্রীদের ট্রেনে ওঠার সময় কৃত্রিমভাবে ব্লকেড সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতো। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ছিনতাই ও মলম পার্টির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে গুরুত্বপূর্ণ মালামাল চুরির সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।