ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

‘সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্য অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক ফারজানা মিলি, সহ-সভাপতি শিরিন আক্তার শাপলাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পণ্য প্রদর্শনীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে নারী উদ্যোক্তা ও অংশগগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।



সর্বশেষ সর্বাধিক পঠিত