পড়ার গতি বাড়াবেন যেভাবে

জ্ঞানার্জনের অন্যতম উপায় হলো পড়া। পৃথিবীতে পড়ার বিষয় আছে প্রচুর কিন্তু সময় অল্প। পড়ার গতি বৃদ্ধি করতে পারলে অল্প সময়ে বেশি পড়া যায়। কিছু কৌশল অবলম্বন করলে পড়ার গতি বাড়ানো যায় সহজে।

পড়ার উপযুক্ত স্থান বেছে নিন : কোলাহলপূর্ণ স্থানে পড়ার প্রতি মনোযোগ ধরে রাখা যায় না। ফলে পড়তে সময় বেশি লাগে। এ সমস্যা দূর করার জন্য পড়ার কোলাহল নেই, এমন স্থান বেছে নিন। শুরুতে পড়ার স্থান খুব গুরুত্বপূর্ণ। দ্রুতগতিতে পড়ার অভ্যাস আয়ত্ত হয়ে গেলে যেকোনো স্থানে পূর্ণ মনোযোগের সঙ্গে পড়া সম্ভব।

মনে মনে পড়ো : অনেকেরই শৈশবে শব্দ করে পড়ার অভ্যাস করিয়েছেন অভিভাবকরা। শব্দ করে পড়তে বেশি সময় লাগে। আবার অনেকে বর্তমানে শব্দ করে না পড়লেও শৈশবের অভ্যাসবশত পড়ার সময় ঠোঁট নাড়ান। এসব অভ্যাস পড়ার গতিকে ধীর করে দেয়। তাই চেষ্টা করুন ঠোঁট না নাড়িয়ে মনে মনে পড়তে।

মোবাইল ফোন দূরে রাখুন : যেকোনো কাজে মনোযোগের ব্যাঘাত ঘটাতে মোবাইল ফোনের জুড়ি নেই। বারবার স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি দিলে বা গেমস খেললে পড়ার সময় বেশি লাগবেই। তাই মনোযোগের সঙ্গে দ্রুতগতিতে পড়তে মোবাইল ফোন সাইলেন্ট করে দূরে রাখুন।

লক্ষ্য স্থির করুন : একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়তে বসুন। কতটুকু সময়ে কতটুকু পড়বেন তা আগেই ঠিক করে নিন। সময়সীমা নির্ধারিত থাকলে সেই সময়ে শেষ করার একটা চাপ মনে কাজ করবে। এর ফলে মনোযোগ হারানোর হার কমে আসবে অনেক গুণ। প্রথম প্রথম নির্ধারিত সময়ে পড়া শেষ করতে না পারলে হতাশ হবেন না। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।