মঞ্চে ফের ‘ট্রায়াল অব সূর্য সেন’

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে মঞ্চে আসছে ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্য সেন’। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত নাটকটির মঞ্চস্থ হবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের ঘটনাকে উপজীব্য করে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকের কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায়ও নতুন মাত্রা যোগ করেছেন তিনি।

নবনির্দেশনা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্য সেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্য সেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নুর, খাজা হুজ্জাতউল্লাহ, জাহিদসহ অনেকে।