পিটের রাজকীয় প্রত্যাবর্তন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম

পাশ্চাত্য বিনোদন শিল্পের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম এক নাম ব্র্যাড পিট। পুরো নাম উইলিয়াম ব্র্যাডলি পিট। অস্কার তথা একাডেমি অ্যাওয়ার্ড, ব্রিটিশ একাডেমি ফ্লিম অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বহু বছর ধরে বিভিন্ন গণমাধ্যম জরিপে সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা হিসেবে উঠে এসেছে তার নাম। সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে তার ব্যক্তিগত জীবন ব্যাপক চর্চার বিষয়। মাঝে বেশ কিছুদিন সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনি জটিলতায় অভিনয়ে খানিকটা অনিয়মিত ছিলেন তিনি। আইনি লড়াই শেষে আবার স্বস্তির সঙ্গে কাজে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

এর মধ্যেই নতুন আরেক কাজের খবর পাওয়া গেল পিটের। ১৩ বছর জনপ্রিয় ছবি ‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এর সিক্যুয়ালে ফের সেই গেরি লেনের চরিত্রে দেখা মিলবে তার। ‘প্যারামাউন্ট পিকচার্স-এর ব্যানারে সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন ‘কনক্লেভ’ এবং ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর পরিচালক অ্যাওয়ার্ড বার্গার। চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি। শুধু অভিনয় নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ব্র্যাড। ডিডি গার্ডনার এবং জেরেমি ক্লিনারের সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন তিনি।

তবে নতুন ছবির গল্প নিয়ে এখনো মুখে কুলুপ নির্মাতাদের। ২০১৩-এ মুক্তি পাওয়া ‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী আধিকারিক গেরি লেনের ভূমিকায় দেখা গিয়েছিল ব্র্যাডকে। আচমকাই ছড়িয়ে পড়া এক ভয়াবহ জম্বি মহামারির উৎস খুঁজতে গোটা বিশ্ব জুড়ে ছুটেছিলেন তিনি। ম্যাক্স ব্রুকসের উপন্যাস অবলম্বনে তৈরি সেই ছবি বিশ্ব জুড়ে বিপুল অঙ্কের ব্যবসা করেছিল।

কিন্তু সিক্যুয়ালের পথটা মোটেই মসৃণ ছিল না। এক সময় ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ছবিটি তৈরির পরিকল্পনা হয়েছিল। ব্র্যাডেরও ফেরার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। চলতি বছরের এপ্রিলেই প্যারামাউন্ট নতুন করে ‘ওয়ার্ল্ড ওয়র জেড’ তৈরির কথা ঘোষণা করে। তখন অবশ্য পরিচালক বা অভিনেতার নাম প্রকাশ্যে আনা হয়নি।

এবার সেই ছবিতেই ব্র্যাডের প্রত্যাবর্তন নিশ্চিত। বার্গারের সঙ্গে এটিই তার দ্বিতীয় কাজ। এর আগে দুজনে আসন্ন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য রাইডার্স’-এ একসঙ্গে কাজ করেছেন। ফলে জম্বি-দুনিয়ায় গেরি লেনের প্রত্যাবর্তনের পাশাপাশি ব্র্যাড-বার্গার জুটির দ্বিতীয় অধ্যায় নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত